পাউবোর জমি দখলের অভিযোগ ২ বিএনপি নেতার বিরুদ্ধে

পাউবোর জমিতে মাটি ফেলছে বিএনপি নেতাদের লোকজন
লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে দুই বিএনপি নেতার বিরুদ্ধে। সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেড়ি বাজারের দক্ষিণ অংশে এ ঘটনা ঘটেছে।
এরই মধ্যে জমিতে বালু ভরাটের কাজ শুরু করেছেন তারা। তবে জমি উদ্ধারে থানায় অভিযোগ দেওয়ার পাশাপাশি সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নির্দেশ অমান্য করলে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দখলকারীরা হলেন রিয়াজ হোসেন ও সাইফুল ইসলাম সোহাগ। রিয়াজ ভবানীগঞ্জের মিয়ার বেড়ি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং সোহাগ ভবানীগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি। তাদের সহযোগিতা করছেন একই এলাকার তারেক, রুবেল, রাজু, রাজা ও সোহেল।
খোঁজ নিয়ে জানা গেছে, মিয়ার বেড়ি বাজারের দক্ষিণ অংশে পানি উন্নয়ন বোর্ডের জমি লিজ না নিয়েই প্রায় দুই মাস আগে টিনের ঘর নির্মাণ করেন তারা। এবার সেখানে পাকা স্থাপনা নির্মাণের উদ্দেশে ইট ও বালু আনা হয়েছে। সরেজমিন ওই জমিতে লোকজন দিয়ে বালু ভরাটের কাজ করতে দেখা যায়।
গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সাকি হোসেন ও সার্ভেয়ার শাহরিয়ার হোসেন। এ সময় তারা নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
এ বিষয়ে ভবানীগঞ্জ ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘রাজনৈতিক নেতাকর্মীদের বসার কোনো নির্দিষ্ট স্থান না থাকায় জায়গাটিতে বালু ফেলে ঘর নির্মাণ ও মেরামত করে বসার ব্যবস্থা করা হয়েছে। তবে জায়গাটি নিয়ে কিছুটা বিরোধ রয়েছে।’
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নাসির হোসাইন বলেন, ‘প্রাথমিকভাবে থানায় অভিযোগ দেওয়া হবে। পাশাপাশি সাত দিনের মধ্যে ঘর সরিয়ে নেওয়ার জন্য নোটিস দেওয়া হবে। নির্দেশ অমান্য করলে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’



