নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

প্রতীকী ছবি
নেত্রকোনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে গাজীপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুর রহিম (৬৫)। তার বাড়ি জেলার কেন্দুয়া উপজেলার পানগাঁও গ্রামে।
এ ঘটনায় গত মঙ্গলবার (৯ জুন) কেন্দুয়া থানায় মামলা করেন শিশুটির বাবা। মামলা করার পর থেকেই পলাতক ছিলেন রহিম।
মামলার বিবৃতি থেকে জানা গেছে, গত শনিবার (৬ জুন) সকাল ১০টার দিকে শিশুটিকে বাড়ির পাশের হাওরে গরু আনতে পাঠান তার মা। মেয়েটি বাড়ি ফিরতে দেরি করায় হাওরে যার তার মা। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে একটি গাব গাছের নিচে তাকে দেখতে পান তিনি। এ সময় রহিম শিশুটিকে যৌন নিপীড়ন করছিলেন বলে অভিযোগ করেন মেয়েটির মা। শিশুটির মা এগিয়ে গেলে ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যান রহিম। পরে রহিমের ভয়ে শিশুটিকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে পুলিশের তৎপরতায় গত সোমবার সন্ধ্যায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাকে সেখান থেকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান চিকিৎসক।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, পুলিশের সহায়তায় রহিমকে গ্রেপ্তার করে র্যাব। তাকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।





