নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ব্যাগ চুরি, সিসিটিভি দেখে যুবক শনাক্ত

সিসিটিভি ফুৃটেজ থেকে নেওয়া ছবি।
নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরাসহ চুরি হওয়া ব্যাগ উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে এক যুবককে শনাক্ত করেছে তারা।
নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমান জানান, সিসিটিভিতে ফুটেজে দেখা যায়, নাটোর রেলস্টেশনে পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের সঙ্গে হলুদ কটি পরিহিত এক যুবককে কথা বলছেন। এক সময় সুযোগ বুঝে ওই যুবক নিজের পরনের কটি খুলে ব্যাগটি ঢেকে পালিয়ে যান।
তিনি জানিয়েছেন, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে গতকাল বুধবার দুপুরে সান্তাহার রেলস্টেশন থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে ওঠেন ক্রিল। বিকালে নাটোর রেলস্টেশনে নামেন। নাটোর থেকে অন্য একটি ট্রেনে ভারত যাওয়ার উদ্দেশ্যে দর্শনা স্টেশনের দিকে যাওয়ার কথা ছিল জার্মান তরুণের। নাটোর স্টেশনের যাত্রী বিশ্রামাগারে অবস্থান করছিলেন তিনি। এ সময় ২৫ বছরের এক যুবক ট্রেনের টিকিট করে দেওয়ার কথা বলে তার সঙ্গে পরিচিত হন। একপর্যায়ে যুবকটি কৌশলে ক্রিলের ব্যাগ নিয়ে পালিয়ে যান। ব্যাগে ছিল ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগ না পেয়ে নাটোর স্টেশনে কান্নায় ভেঙে পড়েন তিনি। বিষয়টি তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। নাটোর রেলস্টেশন কর্তৃপক্ষ বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে জানান। জার্মানি তরুণকে নাটোর সদর থানায় যাওয়ার পরামর্শ দেন নাটোর স্টেশন কর্তৃপক্ষ। থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন ক্রিল।
ওসি মনসুর জানান, রাতে ওই পর্যটক থানায় এসে বিষয়টি জানালে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে যায়। স্টেশনের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ। ল্যাপটপ ও ক্যামেরাসহ ব্যাগটি উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হচ্ছে।




