সাভারে বাসে আগুন
ক্র্যাবের সাবেক সভাপতির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ মামলার প্রতিবাদে মানববন্ধন
সাভারে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিক ও পেশাজীবীরা।
তারা মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সাভার প্রেস ক্লাবের সামনে বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।
কর্মসূচিতে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, বাসে অগ্নিসংযোগের প্রকৃত অপরাধীদের আড়াল করতেই কামরুজ্জামান খানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। তাদের দাবি, ঘটনার দিন বা ঘটনার সময় কামরুজ্জামান খান ঘটনাস্থলে ছিলেন না। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীতে স্থায়ীভাবে বসবাস করছেন এবং সেখানেই পেশাগত দায়িত্ব পালন করছেন।
বক্তারা বললেন, ‘কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া একজন পেশাদার সাংবাদিককে মামলায় জড়ানো স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।’
মানববন্ধনে সাভার প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও দ্য ডেইলি স্টারের সাভার প্রতিনিধি আকলাকুর রহমান আকাশ বলেন, ‘সাংবাদিক সমাজকে চাপে রাখা ও কণ্ঠরোধ করার জন্য গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানোর অপসংস্কৃতি বন্ধ করতে হবে। একজন প্রতিষ্ঠিত ও জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে তদন্ত ছাড়া মামলা নেওয়া অত্যন্ত উদ্বেগজনক।’
সাভার প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক তৌকির আহাম্মেদ বলেন, ‘ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যতে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করা হলে সাংবাদিক সমাজ তা মেনে নেবে না।’
উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেওয়ান ইমন বলেন, ‘যে ব্যক্তি দীর্ঘদিন ঢাকায় থাকেন এবং ঘটনার সাথে দূরতম সম্পৃক্ততা নেই, তাকে কীভাবে মামলায় ফাঁসানো হলো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা তার জবাব চাই।’
কামরুজ্জামান খানের নাম অবিলম্বে মামলা থেকে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন দেওয়ান ইমন।
সাভার প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আজিম উদ্দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদঘাটনের আহ্বান জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সহসভাপতি আরিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসেন, নির্বাহী সদস্য আকলাকুর রহমান আকাশ ও আজিম উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক তৌকির আহাম্মেদ, উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেওয়ান ইমন, সদস্য নাজমুল শাহিন, সেলিম আহমেদ, ওমর ফারুক, নোমান মাহমুদ, এম এ হালিম, কাজী মাহবুবুর রহমান এবং এস টিভির রাজিব মাহমুদসহ স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।



