আওয়ামী লীগ মানেই সন্ত্রাস ও ষড়যন্ত্রের আখড়া: ড. খন্দকার মারুফ

সংগৃহীত ছবি
ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সন্ত্রাস ও ষড়যন্ত্রের আখড়া হিসেবে অভিহিত করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, গোপালগঞ্জে বর্বরোচিত হামলা এবং লন্ডনসহ বিভিন্ন স্থানে অপতৎপরতার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন।
আজ মঙ্গলবার সকালে দাউদকান্দি উপজেলা সদরে ‘মারুফ ভিলায়’ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের অপকর্মের প্রতিবাদ এবং ষড়যন্ত্র রুখতে স্থানীয় উপজেলা ও পৌর বিএনপির এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এম.এ লতিফ ভূইয়া, নূর মোহাম্মদ সেলিম সরকার, জসিমউদ্দিন আহমেদ, ভিপি জাহাঙ্গীর আলম, পিটার চৌধুরী, কাউসার আলম সরকার, এম আবদুস সাত্তার, কামাল হোসেন, আরিফ মাহামুদ, এনামুল হক সফর তালুকদার, ভিপি শাহাবুদ্দিন ভূইয়া, সালাউদ্দিন ভূইয়া, আনোয়ার হোসেন আনন্দ, শরীফ চৌধুরী, শাহ আলম সরকার, মো. রোমান খন্দকার, আবদুল বাসেদ ও রিমন খন্দকারসহ দাউদকান্দি উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।
সভায় ড. খন্দকার মারুফ উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে এবং সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। সরকারের বিগত ৯ মাসের জনকল্যাণমুখী কার্যক্রম দেখে গণঅভ্যুত্থানে বিতাড়িত ফ্যাসিবাদীরা হিংসায় লিপ্ত হয়েছে এবং দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে দেশের জনগণ এই দেশবিরোধী অপতৎপরতা শক্ত হাতে প্রতিহত করবে বলে জানান তিনি।
তিনি বলেন, শান্তি ভঙ্গের যেকোনো অপচেষ্টা আইনগতভাবে দমন করা হবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ খুব শীঘ্রই একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে।



