ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

হাসপাতালে চিকিৎসাধীন আহত কয়েকজন
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাওতিকান্দা গ্রামের ঘটনা এটি।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতাকে কেন্দ্র করে সাওতিকান্দা গ্রামের মোস্তফা মাতুব্বর ও আলমগীর মাতুব্বরের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে মোস্তফা মাতুব্বরের ছেলে আক্তার মাতুব্বরের সঙ্গে আলমগীর মাতুব্বরের পক্ষের তরিকুল নামের এক যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে গড়ায়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ঢাল, সরকি, রামদা ও ইটপাটকেল ব্যবহার করা হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত সোবহান মাতুব্বরকে (৬০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া মাহবুব মাতুব্বর (২৫), ইলিয়াস মাতুব্বর (৫০), আবুল মাতুব্বর (৫০), আওলাদ মাতুব্বর (৪০), আক্তার মাতুব্বর (২৮) ও সোহেল মাতুব্বরকে (২৭) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




