হেলমেট ছিল না কারও, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

নিহত জিসান (১৯)
চট্টগ্রামের ফটিকছড়ি থানাধীন মাইজভান্ডার চারালিয়া হাট এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও অপর তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে ঘটে এই দুর্ঘটনা।
নিহত ব্যক্তির নাম জিসান (১৯)। আহতরা হলেন সৌরভ (২৩), সাগর (২৬) ও বারেক (৩২)। তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারও মাথায় হেলমেট ছিল না।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, দ্রুতগতিতে দুটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসছিল। চারালিয়াহাট এলাকায় এসে একটি অপরটিকে ধাক্কা দেয়। এতে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। দুটি বাইকের আরোহীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে তাদের চমেক হাসপাতালে নিয়ে আসে। এ সময় চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করে বলে নুরুল আলম আশেক জানান। আহত তিনজনই মাথায় আঘাত পেয়েছেন। তাদের চমেক নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।




