পেশাদার চোরের চেয়ে উচ্চশিক্ষিত চরিত্রহীন মানুষ বেশি ভয়ংকর : এমপি মাসুদ

পটুয়াখালী-২ বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ
একজন পেশাদার চোর অথবা ডাকাতের চেয়ে একজন উচ্চশিক্ষিত চরিত্রহীন মানুষ বেশি ভয়ংকর বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
তিনি বলেছেন, ‘আজকাল অনেকের ক্যারিয়ার আছে, কিন্তু ক্যারেক্টার নেই।’
আজ শনিবার বিকাল ৪টায় পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ হলরুমে ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা ইসলামী ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষার্থীদের উদ্দেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কিংবা বড় কোনো কর্মকর্তা হওয়াই জীবনের প্রকৃত সফলতা নয়। অর্জিত শিক্ষাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। দুনিয়ায় একজন ভালো মানুষ হতে পারাই প্রকৃত সফলতা। দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও ব্যারিস্টারের অভাব নেই, কিন্তু নৈতিকতা ও ভালো মানুষের অভাব রয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভালো মানুষ তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেছেন, ‘পড়াশোনা একটি ইবাদত এবং নারী-পুরুষ সবার জন্য শিক্ষা অর্জন ফরজ। শিক্ষার্থীরা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এটি মহান আল্লাহর রহমত। এ সাফল্যের পেছনে পিতা-মাতা ও শিক্ষকদের ভূমিকার পাশাপাশি মহান আল্লাহর অবদানও রয়েছে।’
সংবর্ধনা নিতে আসা শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য বলেছেন, ‘তোমাদের কাউকে শিবির করতে ডাকা হয়নি, ডাকা হয়েছে ভালো মানুষ হতে।’
তিনি বলেছেন, ‘যারা ঘুষ খায় না, তাদের জামায়াত বলা হয়; যারা সালাম দেয়, তাদের শিবির বলা হয়। যারা পর্দা করে, তাদেরও জামায়াত বলা হয়। কোরআন-হাদিস মেনে চলাকে যদি জামায়াত বলা হয়, তাহলে জামায়াত ও শিবিরের রাজনীতি ইসলামের রাজনীতি।’
শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেছেন, ‘ভবিষ্যতে যারা লেখাপড়ার জন্য বিদেশে যেতে চায়, তাদের সহযোগিতা করবে ছাত্রশিবির। গত কয়েক মাসে বাউফলের ৬ জন শিক্ষার্থীকে দেশের বাইরে পাঠাতে পেরেছেন বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘তাদের মধ্য থেকে কেউ একদিন জাতিসংঘের মহাসচিবও হতে পারে। স্বপ্ন বাস্তবায়নে তিনি পাশে থাকার আশ্বাস দেন। শিক্ষার্থীদের উৎসাহিত করতেই ফুল ও উপহার দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম, বাউফল উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আব্দুল্লাহ, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম ও উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাহমুদুল্লাহসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫২ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, ফুল, পবিত্র কোরআন শরিফ, বই, কলম ও প্যাড তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের নাশতা পরিবেশন করা হয়।



