খুলনায় ১০ মাসে ৭৫ হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এনসিপির ৭ দাবি

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির খুলনা জেলা শাখার নেতাকর্মীরা। ছবি: আগামীর সময়
খুলনায় ধারাবাহিক হত্যাকাণ্ড, সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি, দখলবাজি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা শাখা। এসব অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সাত দফা দাবি জানিয়েছে দলটি।
শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এনসিপির খুলনা জেলা আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ। লিখিত বক্তব্যে তিনি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, নিরাপদ, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু খুলনার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এখন কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছেন।
মাহমুদুল হাসান ফয়জুল্লাহ বললেন, অপরাধী ও চাঁদাবাজরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। ছোট-বড় প্রায় সব শ্রেণির ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হচ্ছে। হুমকির মুখে ফার্মেসিসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।
তার দাবি, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত খুলনায় ৭৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমে প্রকাশিত তথ্যে উঠে এসেছে। সম্প্রতি খুলনা সিটি করপোরেশনের প্রশাসকও প্রকাশ্যে চাঁদাবাজি ও ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এনসিপির এই নেতা বললেন, এসব অপরাধের পেছনে কোনো রাজনৈতিক দল বা প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।
সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে খুলনার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান, সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ; সাম্প্রতিক হত্যাকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, অবৈধ অস্ত্র ও মাদকসংক্রান্ত অপরাধের পরিসংখ্যান, মামলার অগ্রগতি ও নিষ্পত্তির তথ্যসহ দ্রুত একটি পূর্ণাঙ্গ অপরাধ পরিস্থিতির শ্বেতপত্র প্রকাশ।
এ ছাড়া পুলিশ, এসআরবি, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের সমন্বয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত বিশেষ অপরাধ দমন টাস্কফোর্স গঠন; সাম্প্রতিক হত্যাকাণ্ড, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও হামলার প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা এবং তদন্ত ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়মিতভাবে জনগণের সামনে তুলে ধরার দাবি জানানো হয়।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- অপরাধচক্রের রাজনৈতিক ও প্রশাসনিক পৃষ্ঠপোষকতা বন্ধ এবং অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠলে পরিচয়-নির্বিশেষে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা; ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য পরিচয় গোপন রেখে চাঁদাবাজি, সন্ত্রাস ও নিরাপত্তাহীনতার অভিযোগ জানানোর বিশেষ হটলাইন চালু এবং দ্রুত প্রতিকারের ব্যবস্থা করা। পাশাপাশি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, মার্কেট, হাসপাতাল, ফার্মেসি, শিল্পাঞ্চল ও জনবহুল স্থানে বিশেষ নিরাপত্তা টহল, পর্যাপ্ত সিসিটিভি নজরদারি এবং দ্রুত পুলিশি সাড়া নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সরকারের প্রতি দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে এনসিপির নেতারা বলেছেন, অন্যথায় খুলনার মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখা হবে।
সংবাদ সম্মেলনে এনসিপির খুলনা জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



