ফটিকছড়ি
বিয়ের এক মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

বারেক আলী
চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত যুবক মোহাম্মদ বারেক আলী মারা গেছেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বারেক আলী ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা এলাকার রমজান আলী সিকদার বাড়ির মোহাম্মদ মুছার ছেলে। গত ১৪ অক্টোবর বিয়ে করেছিলেন তিনি। বিয়ের মাত্র এক মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই যুবক।
জানা গেছে, গত ৭ নভেম্বর উপজেলার লেলাং ইউনিয়নের চাড়ালিয়া হাটের দক্ষিণ পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একই বাড়ির জিসান নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন বারেক আলী। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।
লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিন বলেন, বারেক আলীর অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র এক মাস আগে বিবাহিত জীবনে পা রেখেছিলেন তিনি।




