নীলফামারী
কুচিয়া শিকারেই ২০ বছর, অনিশ্চিত জীবন মঙ্গলের

প্রায় দুই দশক ধরে কুচিয়া শিকার করেই জীবিকা নির্বাহ করছেন মঙ্গল রায়
জীবিকার প্রয়োজনে মানুষ কত বিচিত্র পেশাই না বেছে নেয়। কেউ কৃষিকাজ করেন, কেউ দিনমজুরি, আবার কেউ জীবিকার সন্ধানে ছুটে বেড়ান জলাশয় থেকে জলাশয়ে। তাদেরই একজন মঙ্গল রায় (৪২)। প্রায় দুই দশক ধরে কুচিয়া শিকার করেই জীবিকা নির্বাহ করছেন তিনি। বিল, ডোবা আর জলাশয়ের কাদাপানিতে কুচিয়া খুঁজে বেড়ানোই তার প্রতিদিনের কাজ। এই পেশা থেকে পাওয়া আয় দিয়েই চলে পরিবারের ভরণপোষণ ও সন্তানদের পড়াশোনার খরচ।
নীলফামারীর কিশোরগঞ্জের চেয়ারম্যানপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করেন মঙ্গল রায়। দীর্ঘদিনের অভিজ্ঞতায় কুচিয়া শিকারের নানা কৌশল তার আয়ত্তে এসেছে। কোন জলাশয়ে কুচিয়া থাকার সম্ভাবনা বেশি, কোথায় গর্ত রয়েছে কিংবা কোন সময় শিকার ভালো হয়—এসব বিষয়ে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান তিনি।
কুচিয়া শিকার করতে তাকে বেশ পরিশ্রম করতে হয়। কখনো কোমরসমান পানিতে, আবার কখনো হাঁটুসমান কাদায় নেমে খুঁজতে হয় কুচিয়ার গর্ত। গর্তের মুখে কেঁচো টোপ হিসেবে ব্যবহার করে বর্শির সাহায্যে কুচিয়া ধরেন। এ ছাড়া পেয়া, ইচিলা ও পুঁটিসহ ছোট মাছ দিয়েও শিকার করেন। প্রতিটি শিকারের পেছনে প্রয়োজন হয় ধৈর্য, সময় ও অভিজ্ঞতা।
বছরের সব সময় সমানভাবে কুচিয়া পাওয়া যায় না। তবে চৈত্র মাসে জলাশয় ও বিলের পানি কমে এলে শিকারের সুযোগ বেড়ে যায়। এ সময় গর্ত থেকে কুচিয়া সংগ্রহ করা তুলনামূলক সহজ হয়। ফলে বছরের এই সময়টিকে বাড়তি আয়ের সুযোগ হিসেবে দেখেন মঙ্গল।
তার দৈনিক উপার্জন নির্ভর করে শিকারের পরিমাণের ওপর। কোনো দিন ৬০০ টাকা আয় হয়, আবার কোনো দিন ভালো শিকার হলে আয় দাঁড়ায় ৩ হাজার টাকা পর্যন্ত। তবে প্রতিদিন এমন আয় হয় না। কখনো দীর্ঘ সময় পরিশ্রম করেও আশানুরূপ কুচিয়া পাওয়া যায় না। ফলে আয়-রোজগারে অনিশ্চয়তা থেকেই যায়।
মঙ্গলের এই পেশাগত জীবনে সবচেয়ে বড় সহযোগী তার স্ত্রী একাদশী। স্বামীর সঙ্গে কুচিয়া সংগ্রহ ও বিক্রির কাজে সহযোগিতা করেন তিনি। দুজনের সম্মিলিত পরিশ্রমেই চলে সংসারের খরচ। এভাবেই দীর্ঘদিন ধরে প্রতিকূলতার মধ্যেও সংসার টিকিয়ে রেখেছেন তারা।
মঙ্গলের পরিবারে রয়েছেন স্ত্রী, তিন মেয়ে এবং বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি। বড় মেয়ের বিয়ে হয়েছে। তার স্বামী মহেন্দ্র পেশায় একজন গাড়িচালক। অন্য দুই মেয়ে এখনো পড়াশোনা করছে। পরিবারের সদস্যদের ভরণ-পোষণের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে গিয়ে প্রায়ই আর্থিক সংকটে পড়তে হয় তাকে।
তবুও মেয়েদের পড়াশোনা বন্ধ করতে চান না মঙ্গল। নিজের জীবনে নানা সীমাবদ্ধতা থাকলেও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তার স্বপ্ন অনেক বড়। মেয়েরা লেখাপড়া শিখে নিজেদের অবস্থান তৈরি করবে—এটাই তার প্রত্যাশা। সংসারের অভাব-অনটনের মধ্যেও সেই স্বপ্ন বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্বামী-স্ত্রী দুজন।
বের হয়েছিলেন ঘাস কাটতে, পরদিন মিলল অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ
১৪ নভেম্বর ২০২৬
মঙ্গল রায়ের কাছে কুচিয়া শিকার এখন শুধু পেশা নয়, পরিবারের দায়িত্ব পালনের দীর্ঘদিনের অভ্যাস। জীবনের বড় একটি সময় জলাশয়ের কাদাপানিতে কাটিয়ে দেওয়া এই মানুষটির চাওয়া খুব সাধারণ—পরিবার নিয়ে ভালোভাবে বেঁচে থাকা এবং মেয়েদের শিক্ষিত করে প্রতিষ্ঠিত করা।





