সরকারবিরোধী মিছিল থেকে নারায়ণগঞ্জ ছাত্রসমাজের সভাপতিসহ গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জ জেলা ছাত্রসমাজের সভাপতি শাহাদাত হোসেন রুপু
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে সরকারবিরোধী মিছিল থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রসমাজের সভাপতি শাহাদাত হোসেন রুপুসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর ৬টার দিকে মাসদাইর অক্টো অফিসের সামনে মিছিল বের হলে পুলিশ তাদের ধাওয়া করে। পরে ইসদাইর পৌর স্টেডিয়ামের একটি গলি থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
শাহাদাত হোসেন রুপু ছাড়াও বাকি গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পটুয়াখালীর বড়বাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিশাদ মিয়া, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ নেতা মো. শিশির, মো. সাইফুল ইসলাম এবং কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা মো. সিফাত।
এসব তথ্য নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম।
তিনি জানান, মাসদাইর অক্টো অফিসের সামনে সরকারবিরোধী মিছিলের খবর পেয়ে পুলিশের একাধিক টিম সেখানে যায়। পুলিশ মিছিলকারীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করতে পারেন, এমন তথ্য পুলিশের কাছে আগে থেকেই ছিল। এ কারণে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অবস্থান নেয়। মিছিল শুরু হওয়ার পরপরই পুলিশ পেছন থেকে ধাওয়া করলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় রুপুসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে তিনি।




