লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ

অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও সড়কে অব্যবস্থাপনার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর সড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন এবং নিরাপদ সড়কের দাবিতে নানা দাবি তুলে ধরেন। প্রায় এক ঘণ্টা অবরোধের পর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক আবদুল কাদের তুষার, সদস্যসচিব মেহেদী হাসান মুন্না, সিসিএসের সভাপতি আবুল হাসান সোহেল, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, প্রভাষক মো. শরীফুল ইসলাম, বায়েজিদ ভূঁইয়া ও মাহবুব আলম নোমানসহ অন্যরা।
বক্তারা উল্লেখ করেন, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও সড়কে নানা অব্যবস্থাপনার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি একই দিনে লক্ষ্মীপুরের বটতলী ও চর চামিতায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনার পরও প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে যানবাহনের ফিটনেস যাচাই, চালকদের দক্ষতা নিশ্চিত করা এবং নিয়মিত তদারকি জোরদার করতে হবে। তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন।




