সীমান্তের ওপারে আ.লীগের প্রতিনিধি দল, এপারে বিএনপির বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিক্ষোভ করেছে বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্ত পরিদর্শনে আসার খবরে এ কর্মসূচি পালন করে আখাউড়া উপজেলা বিএনপি।
এর আগে বুধবার দুপুরে আগরতলায় আসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। গণমাধ্যম সূত্র জানায়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলে দলটির ৫ থেকে ৭ জন জ্যেষ্ঠ নেতা ছিলেন।
বিকেলে আখাউড়া উপজেলা সদর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে আখাউড়া স্থলবন্দরে যান। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। তারা খবর পেয়েছেন, এই তিন উপজেলার যেকোনো একটি প্রবেশপথ দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল নাশকতা করার উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী, নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।




