কেরানীগঞ্জ
২০ ককটেলসহ ২ কর্মী গ্রেপ্তার, রাজধানীতে আটক থানা ছাত্রলীগ সম্পাদক

২০ ককটেলসহ গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী (বাঁয়ে), কেরানীগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা (ডানে)
ঢাকার কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে ২০টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
বুধবার (২৫ নভেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর দুজন হলেন- নাজিম মিয়া (২১) ও আকাশ (১৯)। তারা কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের বাসিন্দা। মাসুদ রানাও একই গ্রামের বাসিন্দা।
পুলিশের ভাষ্য, বুধবার সকাল ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ নয়াবাজার এলাকায় একটি চেকপোস্ট বসায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে অটোরিকশায় থাকা নাজিম ও আকাশকে গ্রেপ্তার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস জানান, গ্রেপ্তার দুজনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। উদ্ধার করা ককটেলগুলো নিরাপত্তার স্বার্থে কালিন্দী ইউনিয়নের একটি জনশূন্য স্থানে নিয়ে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে বুধবার সকালে রাজধানীর একটি ফ্ল্যাট থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিট। তিনি সিরাজনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
জানা গেছে, জুলাই আন্দোলনের পর থেকে মাসুদ রানা রাজধানীতে বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করছিলেন। এ সময় কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন চেয়ারম্যানের নির্দেশনায় বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। ঢাকা জেলা ও ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন মিছিল-সমাবেশে তাকে সামনের সারিতে দেখা যেত।
মাসুদ রানার গ্রেপ্তারের বিষয়টি তার একাধিক সহযোগী নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা জেলা ছাত্রলীগের এক সহসভাপতি জানান, মাসুদ রানা দীর্ঘদিন ধরে রাজধানীর একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করছিলেন। বুধবার সকালে ডিএমপির সাইবার ইউনিটের সদস্যরা তাকে গ্রেপ্তার করে নিয়ে যান।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তবে মাসুদ রানাকে এখনো কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়নি।




