জামালপুর
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার রবিউল হাসান সোহাগ
জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার।
গ্রেপ্তার রবিউল হাসান সোহাগ জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রশিদপুর চৌরাস্তা এলাকার আলতাফ আলী মেম্বারের ছেলে।
তিনি রশিদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
ডিবি সূত্র জানায়, শনিবার রাতে ডিবির একটি দল অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ সোহাগকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে তার দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়।
তবে সোহাগের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে ডিবির ওসি মো. শাহিনুর রহমান তালুকদার বলেন, ‘তার রাজনৈতিক পরিচয় জানা যায়নি।’
তিনি জানান, সোহাগকে জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।




