বিমানবন্দরে আনসারের গুলিতে আহত পরিচ্ছন্নতাকর্মী

গুলিবিদ্ধ পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমদ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে রুবেল আহমদ নামে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রুবেলকে তাৎক্ষণিক উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্র জানায়, সকালে গাড়ি নিয়ে রানওয়েতে টহল দেওয়ার সময় আনসার সদস্য মোজাম্মেল পাখি তাড়াতে তার কাছে থাকা শটগান থেকে গুলি ছোড়েন। এ সময় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমদের কোমরে লাগে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেছেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুর্ঘটনাবশত ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।’ তবে এ ঘটনায় কোনো নিয়ম লঙ্ঘন বা কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান জানান, বিমানবন্দরে গুলিতে একজন আহত হওয়ার খবর তারা পেয়েছেন। প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে বলে জানা গেছে।



