ধর্ষণচেষ্টার অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

সংগৃহীত ছবি
ঝিনাইদহে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাজ্জাদুল ইসলাম (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী শনিবার (৯ মে) সকালে মহেশপুর থানায় মামলা দায়ের করেন। পরে দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সাজ্জাদুল ইসলাম সুন্দরপুর গ্রামের মৃত মদিউদ্দিনের ছেলে। তিনি মহেশপুরের উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ভাড়া বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করেন ওই গৃহবধূ। গত ৫ মে সকাল সাড়ে ১১টার দিকে স্বামী কাজে যান। আর দুই ছেলে স্কুলে থাকায় তিনি বাসায় একা ছিলেন। এ সময় সাজ্জাদুল ইসলাম তার বাসায় গিয়ে স্বামীর খোঁজ করেন। পরে বসতঘরে প্রবেশ করে ঠান্ডা পানি চান। ওই নারী ফ্রিজ থেকে পানি আনতে গেলে অভিযুক্ত ব্যক্তি পেছন থেকে তাকে জাপটে ধরে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন।
গৃহবধূর চিৎকার শুনে পাশের চায়ের দোকান থেকে স্থানীয় কয়েকজন ছুটে এলে সাজ্জাদুল ইসলাম ঘটনাটি কাউকে না বলার জন্য দুই লাখ টাকার একটি চেক দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।




