ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
সাতক্ষীরার শ্যামনগরে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের পশ্চিম শ্রীফলকাটি গ্রামে।
নিহত কৃষকের নাম মো. লুৎফর রহমান (৫৫)। তিনি উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীফলকাটি গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শ্যামল কুমার মন্ডল।
তিনি জানান, লুৎফর রহমান পশ্চিম শ্রীফলকাটি বিলে অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করেন। সকালে সেই জমিতে কাজ করার সময় বজ্রপাতে লুৎফরের মৃত্যু হয়েছে। তাকে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।




