কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদে বড় সম্ভাবনা: ভূমিমন্ত্রী

রাজশাহী শিশু একাডেমি প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু
প্রাণিসম্পদ খাতে রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
তিনি বলেছেন, ‘পশুপালন, পোল্ট্রি ও বিভিন্ন খামারের মাধ্যমে এ অঞ্চলের মানুষ স্বাবলম্বী হচ্ছেন। দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তারা।’
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী শিশু একাডেমি প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও প্রদর্শনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজশাহী জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
ভূমিমন্ত্রী বলেছেন, ‘প্রাণিসম্পদ রাজশাহীর সম্ভাবনাময় খাতগুলোর একটি। এ অঞ্চলে পশুপালন, পোল্ট্রিসহ বিভিন্ন ধরনের খামার গড়ে উঠেছে। এসব খামারের মাধ্যমে মানুষ স্বাবলম্বী হচ্ছেন। একই সঙ্গে দেশের উন্নয়নেও ভূমিকা রাখছেন।
তিনি বললেন, ‘কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতে বিশাল সম্ভাবনা রয়েছে। এ শিল্পকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।’
রাজশাহীর কৃষি ও মৎস্য খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বললেন, ‘কৃষিনির্ভর এ অঞ্চল থেকে প্রতিদিন শত শত ট্রাক তাজা মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যায়। রাজশাহী সিটি হাটও দেশের অন্যতম বড় পশুর হাট। এ হাট থেকে সপ্তাহে দুই দিন কয়েকশ ট্রাকে গরু, মহিষ ও ছাগল দেশের বিভিন্ন অঞ্চলে নেওয়া হয়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেছেন, ‘প্রাণিসম্পদ খাত বাংলাদেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
তিনি বললেন, ‘দুধ, ডিম ও মাংস উৎপাদনে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও বাণিজ্যিকভাবে লাভজনক করে গড়ে তুলতে হবে। এ জন্য খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পশু পালন, রোগ প্রতিরোধ ও আধুনিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।’
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক কে. এম. মোজাফফর হোসেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
স্বাগত বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতোয়ার রহমান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতারা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সিএন্ডবি মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সার্কিট হাউজের সামনে দিয়ে রাজশাহী শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন অংশ নেন।
পরে ভূমিমন্ত্রী ও অতিথিরা বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন। আলোচনা সভা শেষে রাজশাহী জেলার সেরা ১০ খামারি উদ্যোক্তার হাতে মেডেল, সনদ ও ক্রেস্ট তুলে দেন ভূমিমন্ত্রী, রাসিক প্রশাসক ও অন্যান্য অতিথিরা।




