‘ডিসেম্বরে খেলা হবে’ স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের মশাল মিছিল

ছাত্রলীগ-যুবলীগের মশাল মিছিল
বরগুনায় পৃথক স্থানে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শুক্রবার রাতে এসব কর্মসূচি পালন করেন তারা।
পরে মিছিল ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন সংগঠন দুটির নেতাকর্মীরা।
গতকাল শুক্রবার রাতে বরগুনা সদর উপজেলার পৌর শহরে মশাল মিছিল করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায়। মিছিল থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর মধ্যে ছিল, ‘ডিসেম্বরে খেলা হবে, খেলা হবে’।
অন্যদিকে, বেতাগী উপজেলাতেও মশাল মিছিল করেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে তাদের ব্যানার ও জ্বলন্ত মশাল হাতে সড়কে মিছিল করতে দেখা যায়। উপজেলা যুবলীগের সহসভাপতি মাসুদ খানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয় বলে জানা গেছে।
মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এ ছাড়া আমতলী উপজেলায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা বলেন, ‘মিছিলকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মিছিলকারীদের অনেকের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।’




