দৌলতপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

ফাইল ছবি
কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। এ সময় দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে শোডাউন করেন উভয় গ্রুপের লোকজন। একপর্যায়ে চারটি ককটেল বিস্ফোরণ ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ বাজারে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন, মন্ডল গ্রুপের প্রধান ওয়াসিম মন্ডল ও তুষার মন্ডল (সুমন) এবং সরদার গ্রুপের প্রধান লিটন সরদার ও কামাল সরদার।
স্থানীয়রা জানিয়েছেন, হোসেনাবাদ এলাকায় মন্ডল ও সরদার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এ বিরোধ মীমাংসার জন্য কয়েক দফা সালিশ-বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। এরপর থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় হোসেনাবাদ বাজারে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় দুই পক্ষের প্রায় ৫০ থেকে ৬০ জন অস্ত্র নিয়ে অবস্থান নেন। পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে। আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তুষার, লিটন ও কামালরকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় রেফার করেন চিকিৎসক।
উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামীম মোল্লা বলেছেন, ‘তারা সবাই বিএনপির নেতাকর্মী। গত বৃহস্পতিবার আমি দুই পক্ষকে নিয়ে বসেছিলাম। তবে সালিশ বৈঠকে সমস্যার সমাধান হয়নি।’
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানিয়েছেন, সংঘর্ষের কারণে প্রাগপুর-ভেড়ামারা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িতদের আটক করা সম্ভব হয়নি। তারা সবাই পলাতক।






