রাজশাহীতে প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত হাসপাতাল হবে : রাসিক প্রশাসক

গ্রাফিকস: আগামীর সময়
রাজশাহীতে প্রতিবন্ধী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে রাজশাহী সিটি করপোরেশন সবসময় পাশে থাকবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান তিনি।
আজ শুক্রবার বিকালে নগরীর শহীদ জিয়া শিশুপার্কসংলগ্ন স্বপ্নের বাগান কমিউনিটি সেন্টারে 'লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন সমবায় সমিতি'র উদ্যোগে আয়োজিত খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
অনুষ্ঠানে চার শতাধিক হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি চলাচলে অক্ষম ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার তুলে দেন অতিথিরা। সহায়তা পেয়ে অনেক উপকারভোগীর মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। রাজশাহী সিটি করপোরেশন সবসময় সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগে পাশে থাকবে। রাজশাহীতে প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সার্বিক সহযোগিতা করা হবে।'
তিনি বললেন, 'প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা রোপণ করতে হবে। পরিবেশ রক্ষায় এটি সময়ের দাবি।'
রাসিক প্রশাসক বলেছেন, 'রাজশাহী মহানগরীর যেসব উন্নয়নমূলক কাজ এখনো অসমাপ্ত রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করা হবে। নগরবাসীর জন্য আধুনিক ও মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি।'
অনুষ্ঠানে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ শিকদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলাম।
এ সময় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতারা, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের মো. জনি।
মানবিক এ আয়োজন শুধু খাদ্যসামগ্রী বা হুইলচেয়ার বিতরণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর বার্তা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও উন্নত চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থার প্রত্যাশাও উঠে আসে পুরো অনুষ্ঠানে। বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণাটি বাস্তবায়িত হলে রাজশাহী অঞ্চলের হাজারো প্রতিবন্ধী মানুষ উপকৃত হবে।



