নিখোঁজ শিশু মরিয়মের মরদেহ মিলল মাটি খুঁড়ে

জামালপুরের শিশু মরিয়মের মরদেহ পাওয়া যায় মাটিচাপা দেওয়া অবস্থায়। ছবি: সংগৃহীত
দুদিন ধরে নিখোঁজ ছিল সাত বছরের মরিয়ম আক্তার। আদরের মেয়েকে গত বৃহস্পতিবার শেষবারের মতো দেখেছিল পরিবার। গতকাল শনিবার রাতে তার মরদেহ পাওয়া যায় মাটি খুঁড়ে।
জামালপুরের মাদারগঞ্জের ঘটনা এটি। নিহত মরিয়ম সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। উপজেলার চরলোটাবর এলাকার মো. বাহাদুরের মেয়ে সে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানালেন, বৃহস্পতিবার স্কুলে যেতে বের হয়েছিল মরিয়ম। এরপর আর বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যরা পরিচিতদের বাড়িতে খোঁজ করেন। পুলিশকেও জানানো হয় বিষয়টি।
এর মধ্যে স্থানীয়দের খবরে শনিবার রাতে স্কুলের পাশের একটি বাড়িতে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক মো. জামিনুরকে আটক করার কথা জানালেন ওসি।
তিনি বলেছেন, ‘শিশুটিকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। ঘটনার তদন্তে পুলিশ কাজ করছে।’



