ওসমানী বিমানবন্দর
প্রতারণা মামলায় আসামি, ইমিগ্রেশনে গ্রেপ্তার প্রবাসী নারী

গ্রাফিকস: আগামীর সময়
সিলেটে প্রতারণা মামলার এক আসামিকে যুক্তরাজ্যে যাওয়ার সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মাকসুদা চৌধুরী (৫৬) মৌলভীবাজারের রাউটগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী।
আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান মাকসুদা।
তবে আদালতের নির্দেশে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং বিদেশ যাত্রা স্থগিত করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাকসুদা চৌধুরী সিলেট কোতোয়ালি মডেল থানার একটি প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি গত ১ জুলাই দায়ের করা হয়।
পরে সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কুদ্দুসের কাছে হস্তান্তর করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে উল্লেখ করেন, প্রতারণা মামলার আসামি হওয়ায় আদালতের নির্দেশ অনুযায়ী মাকসুদা চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। বিমানবন্দরে তাকে আটক করার পর আদালতে পাঠানো হয়েছে।




