অঙ্কনের কিডনির ৯৪ শতাংশ অকেজো, সহায়তার আহ্বান পরিবারের

অঙ্কন দেবনাথ। সংগৃহীত ছবি
যে বয়সে স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই জীবন বাঁচানোর কঠিন লড়াই করছেন রাজবাড়ীর বালিয়াকান্দির আরকান্দি গ্রামের অঙ্কন দেবনাথ (২৫)। তার হার্টে দুটি ছিদ্র, জন্মগতভাবে একটি কিডনি নেই। অন্য কিডনিটিও ৯৪ শতাংশ অকেজো হয়ে পড়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দ্রুত কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। কিন্তু অর্থাভাবে অনিশ্চিত হয়ে পড়েছে তার চিকিৎসা।
অঙ্কনের পরিবারের সদস্যরা জানান, অঙ্কনের অসুস্থতার পর প্রথমে দেশের বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়। সেখানে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তবে ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
অঙ্কনের চিকিৎসায় ১৮ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন। সীমিত আয়ের পরিবারের পক্ষে এত বিপুল অর্থের সংস্থান করা সম্ভব হচ্ছে না। নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেও চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। এখন মানুষের সহযোগিতাই অঙ্কনের চিকিৎসা চালিয়ে নেওয়ার বড় ভরসা।
অঙ্কনের বাবা অজিত দেবনাথ জানিয়েছেন, অঙ্কনের চিকিৎসার জন্য তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু চিকিৎসার ব্যয় এত বেশি যে, এখন আর একার পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছে না। মানুষের সহযোগিতা ছাড়া ছেলের চিকিৎসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।
এ অবস্থায় অঙ্কনের চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের বিত্তবান, সামর্থ্যবান ও মানবিক মানুষের প্রতি আবেদন জানিয়েছে তার পরিবার। পরিবারের বিশ্বাস, অনেক মানুষের সামান্য সহযোগিতাও একসঙ্গে বড় সহায়তা হয়ে উঠতে পারে।
অঙ্কনের চিকিৎসায় সহায়তা পাঠানোর ঠিকানা, বিকাশ নম্বর: ০১৭৭৯৮৩৩২৩৮।




