নাটোরের সেই প্রধান শিক্ষক বরখাস্ত
- ভবন ভেঙে টেন্ডার ছাড়াই বিক্রি

গ্রাফিকস: আগামীর সময়
টেন্ডার ছাড়াই ২২ লাখ টাকায় নতুন ভবন ভেঙে বিক্রির অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় নাটোরের গুরুদাসপুর উপজেলার খানুড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি রনি আহমেদের স্বাক্ষরিত এক আদেশে সাময়িক বরখাস্ত করা হয় ওই প্রধান শিক্ষককে।
বরখাস্ত আদেশে জানানো হয়, আর্থিক অনিয়ম, অর্পিত দায়িত্বে অবহেলায় প্রধান শিক্ষক মো. আলমগীরের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের নির্মিত বিজ্ঞান ভবনটি বিলুপ্তকরণের ক্ষেত্রে কোনো সরকারি বিধি-বিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে ধ্বংস করা হয়। ভবনটি বিক্রির অর্থ সরকারি কোষাগার বা সংশ্লিষ্ট কোনো খাতে জমা দেওয়া হয়নি। এ নিয়ে আগামীর সময়সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এতে আরও জানানো হয়, অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় গুরুদাসপুর উপজেলার ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীরকে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালার ক্ষমতাবলে নিজ পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
খানুড়া বালিকা উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি রনি আহমেদ জানিয়েছেন, অনুমতি ছাড়াই বিদ্যালয়ের ভবন ভেঙে ফেলা হয়। এ অভিযোগে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সত্যতা মেলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলে তাকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।



