ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটিতে আটকা, নামিয়ে আনল ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় বিদ্যুতের খুঁটিতে আটকে পড়া মো. লিটনকে উদ্ধার করেন।
গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকা পড়েন এক ব্যক্তি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ব্যক্তির নাম মো. লিটন (৩২)। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানালেন, বৃহস্পতিবার রাতে ছাতির বাজারের পাশের একটি ইটভাটার পেছনে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন লিটন। এ সময় স্থানীয় এক ব্যক্তি তাকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে ঘিরে ফেলেন। এ সময় নিচে থাকা তার এক সহযোগীকে ধরেন স্থানীয় লোকজন। তবে খুঁটির ওপরে থাকা লিটন আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খায়রুল আলম বললেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় খুঁটিতে আটকে থাকা ব্যক্তিকে জীবিত উদ্ধার করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তরের পাশাপাশি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বললেন, ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেন। বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে তিনি দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



