নাইক্ষ্যংছড়ি
দুর্গম পাহাড়ে হামের টিকা পেল ৪৫ শিশু, চিকিৎসা ১৫০ জনের

ছবি: আগামীর সময়
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় হামে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় ৪৫ শিশুকে হামের টিকা দেওয়ার পাশাপাশি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। একই কর্মসূচিতে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর আরও প্রায় ১০৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ির ইয়াংনিপাড়া সীমান্ত এলাকায় এ চিকিৎসা ও টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) মেডিকেল অফিসারসহ একটি দল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাকর্মীরা যৌথভাবে এতে অংশ নেন।
বিজিবি সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীন মিলেনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ দুর্গম পাহাড়ি এলাকায় শিশুদের মধ্যে হামের সংক্রমণের খবর পাওয়ার পর দ্রুত এই উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির আওতায় হামে আক্রান্ত ৪৫ শিশুকে টিকা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত গরিব, অসহায় ও দুস্থ প্রায় ১০৫ জন নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিশেষ করে সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় অসুস্থ শিশুদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়া নিয়ে ভোগান্তি রয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা ও টিকাদান কর্মসূচিকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগ স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়ানোর পাশাপাশি সীমান্ত এলাকার সামাজিক স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফয়জুল কবির বলেন, সীমান্তবর্তী মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যেই এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।



