পবিপ্রবি শিক্ষার্থীদের বাসভাড়া মওকুফ

সংগৃহীত ছবি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য বাসভাড়া সম্পূর্ণ মওকুফের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান গত ১০ জুন বিশ্ববিদ্যালয়ের টিএসসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাসভাড়া মওকুফের ঘোষণা দেন।
ঘোষণার এক মাসের মাথায় সোমবার (১৩ জুলাই) জারি করা এক অফিস আদেশের মাধ্যমে সিদ্ধান্তটি কার্যকর করা হয়।
এ সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা জানান, উপাচার্যের ঘোষণা এত দ্রুত বাস্তবায়িত হবে, তা তারা প্রত্যাশা করেননি। এজন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষার্থীদের কল্যাণে উপাচার্যের ঘোষণার আলোকে বাসভাড়া মওকুফের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে।




