জাল কাগজে জমি বিক্রির চেষ্টা, ২ লাখ টাকা জরিমানা

সিলেট সদর উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সংগৃহীত ছবি
সিলেটে জাল কাগজপত্র ব্যবহার করে জমি বিক্রির চেষ্টার অভিযোগে দুজনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার সাব রেজিস্ট্রার কার্যালয়ে এই অভিযান চালানো হয়।
অর্থদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ক্রেতাপক্ষের প্রতিনিধি শুক্কুর আলী ও বিক্রেতা মাকসুদা চৌধুরী।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুল ইসলাম।
সিলেট সদরের সাব-রেজিস্ট্রার মিনহাজ উদ্দিন জানালেন, বিক্রির জন্য উপস্থাপিত সম্পত্তির মালিক হিসেবে মাকসুদার নাম রেকর্ডভুক্ত রয়েছে। তিনি যুক্তরাজ্যে থাকেন। তার স্বামী শাহ মোহাম্মদ সালেক হোসেন হেবা দলিলের মাধ্যমে সম্পত্তিটি মাকসুদার নামে হস্তান্তর করেন। সে অনুযায়ী নামজারি ও রেকর্ড সম্পন্ন হয়। পরে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকায় জমিটি বিক্রির লক্ষ্যে একটি বায়নাপত্র সম্পাদিত হয়। যার কাগজপত্র প্রাথমিকভাবে বৈধ মনে হয়েছিল। তবে নিবন্ধন প্রক্রিয়ার সময় একটি পাওয়ার অব অ্যাটর্নি দলিল উপস্থাপন করা হলে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। দলিলটির তথ্য বিদ্যমান রেকর্ড ও মালিকানা-সংক্রান্ত নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাই শুরু করেন।
সাব-রেজিস্ট্রার মিনহাজ বলেছেন, তদন্তে দেখা যায়, হেবা দলিল, নামজারি ও রেকর্ডের তথ্যের সঙ্গে পাওয়ার অব অ্যাটর্নির তথ্যের অমিল রয়েছে। আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট সম্পত্তি নিয়ে সিলেটের যুগ্ম জেলা জজ ২য় আদালতে স্বত্ব মামলা বিচারাধীন ও আদালতের স্থিতাবস্থার আদেশ রয়েছে।
সহকারী কমিশনার মামুনুলের ভাষ্য, ভূমি প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।





