স্বাস্থ্যসেবায় অনিয়ম, ৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

রংপুরে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সংগৃহীত ছবি
রংপুরে স্বাস্থ্যসেবায় বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপপরিচালক ডা. মো. ইব্রাহীম টিটন। জরিমানার আদেশ দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা।
আমি অসহায় বোধ করছি
২৩ জুন ২০২৬
নুসরাত জানালেন, অভিযানে রেজিস্ট্রেশন নবায়ন না করা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের দায়ে আমার দেশ হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্স্ট কিওর স্পেশালাইজড অ্যান্ড ট্রমা সেন্টারকে করা হয় ২ লাখ টাকা জরিমানা।
এছাড়া রেজিস্ট্রেশন না থাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে ল্যাবএইড ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে দেওয়া হয় এক মাসের সতর্কবার্তাও। অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠান বন্ধ করে চলে যান হাবিব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।
ডা. মো. ইব্রাহীম বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় সারা দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অভিযান চলছে। রংপুরেও এ কার্যক্রম চলমান থাকবে।’





