পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ফরমে মিলল ‘সাংকেতিক চিহ্ন’

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাপ্রার্থীদের হয়রানি ও ঘুষ দাবির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দুদকের জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এই অভিযান চালায়।
অভিযানে জব্দ করা হয় অনলাইনে পাসপোর্টের আবেদনের কিছু ফরম। তাতে দ্রুত পাসপোর্ট দেওয়ার কিছু ‘সাংকেতিক চিহ্ন’ মিলেছে বলে জানিয়েছে দুদক।
এর আগে দুদকের একটি দল ছদ্মবেশে পাসপোর্ট অফিসে গিয়ে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে। সেবা নেওয়ার প্রক্রিয়াও পর্যবেক্ষণ করে।
দুদকের জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম বললেন, ‘কম্পিউটার দোকানদারের মাধ্যমে আবেদন করে অতিরিক্ত টাকা দিলে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট করে দেওয়া হয়। পরে পাসপোর্ট অফিস থেকে কিছু আবেদন ফরম সংগ্রহ করি। সেসব ফরমে কিছু সাংকেতিক চিহ্ন পাওয়া গেছে। এসব চিহ্ন দেখে অফিসের কর্মচারীরা দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট করে দেন বলে তথ্য পেয়েছি।’
তিনি আরও বললেন, ‘অভিযানের প্রতিবেদন দুদকের ঊর্ধ্বতন কার্যালয়ে পাঠানো হবে। পরবর্তী সময়ে সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



