রামগঞ্জ
হোটেলের ক্যাশবাক্স ভেঙে টাকা লুট, থানায় অভিযোগ

ফাইল ছবি
লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারের গলায় ছুরি ধরে ৫০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে।
এ ছাড়া ম্যানেজারের পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা আদায়ের অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হোটেলমালিক মো. তোফাজ্জল হোসেন।
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন রামগঞ্জ রেস্ট হাউজে এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়েছে, ঘটনার সময় হোটেলের ম্যানেজার মো. আরিফ (২০) দায়িত্ব পালন করছিলেন। এ সময় সেখানে আসেন চারজন যুবক। এ সময় মো. শাকিল (২৮) নামে এক যুবক তার গলায় ছুরি ধরে ক্যাশবাক্সের চাবি চান। চাবি দিতে অস্বীকৃতি জানালে তাকে গালাগালি করা হয়। একপর্যায়ে লাঠিসোঁটা দিয়ে আঘাত করা হয় এবং কিল-ঘুষি মারা হয়।
অভিযোগে বলা হয়, পরে চারজন মিলে ক্যাশবাক্স ভেঙে সেখানে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যান। এরপর ম্যানেজারের পরিবারের সদস্যদের ফোন করে আরও ২০ হাজার টাকা দাবি করেন। পরিবারের পক্ষ থেকে বিকাশের মাধ্যমে ওই টাকা পাঠানো হলে অভিযুক্তরা ম্যানেজারকে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে শাকিল, মো. শাওন (২৫), শামীম উদ্দিন (৩০) ও আনোয়ার হোসেনের (২৮) নাম উল্লেখ করা হয়েছে।
হোটেলমালিক তোফাজ্জল জানালেন, অভিযুক্ত ব্যক্তিদের কর্মকাণ্ডে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।




