নাটোরে শাকিলের জানাজা শেষে প্রবাসীর শপিংমলে হামলা ও লুটপাট

চাঁচকৈড় বাজারের রাশ মেগামলে হামলা ও ভাঙচুর। ছবি: আগামীর সময়
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলামের দ্বিতীয় জানাজার পর চাঁচকৈড় বাজারের রাশ মেগামলে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে কয়েকজন যুবককে কাঠের বাটাম দিয়ে শপিংমলের সামনের ক্যামেরা ভাঙতে দেখা গেছে। পরে শাটার ভেঙে মুখোশধারী লোকজন ভেতরে ঢুকে মালামাল লুট করেন।
স্থানীয়রা জানায়, শাকিল হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে রাসেলের নাম এসেছে। তিনি নাটোরের সাবেক সংসদ সদস্য আজিজের ছেলে গ্রেপ্তার নুরুজ্জামান মিন্টুর ঘনিষ্ঠ। এসব বিষয়কে কেন্দ্র করে ক্ষুব্ধ লোকজন চাঁচকৈড় বাজারের রাশ মেগামলে হামলা চালান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাকিলের দ্বিতীয় জানাজা শেষে প্রায় ১৫০ থেকে ২০০ লোকের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চাঁচকৈড় বাজার এলাকায় যাওয়ার সময় শপিংমলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। মুখোশ পরা শতাধিক ব্যক্তি শাটার ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় প্রসাধনসামগ্রী, শার্ট-প্যান্ট, শাড়ি, জুতা ও স্যান্ডেলসহ বিভিন্ন মালামাল লুট করা হয়।
নিহত শাকিলের বাবা রবিউল করিমের অভিযোগ, হত্যা মামলার এজাহারে রাসেলের নাম দেওয়া হলেও পরে তা বাদ দেওয়া হয়। সংসদ সদস্য আজিজের পরামর্শে এজাহার তৈরি করা হয়েছিল। তিনি লেখাপড়া জানেন না বলে ওই ব্যক্তির লেখা এজাহারই থানায় জমা দেওয়া হয়।
এর আগে ঢাকায় জানাজা শেষে মঙ্গলবার রাতে শাকিলের মরদেহ গুরুদাসপুরে তার বাড়িতে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
শাকিল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্যের ছেলে নুরুজ্জামান মিন্টুকে সোমবার গভীর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়। মঙ্গলবার বিকালে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুরুদাসপুর থানার এসআই আমীর হোসেন জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক মাহমুদুল হাসান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শাকিলের মৃত্যুর ঘটনায় গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানকে প্রত্যাহার করে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে নূর একাডেমির সামনে হামলার শিকার হন শাকিল। অভিযোগ অনুযায়ী, হেলমেট পরা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় মোটরসাইকেলে তাকে ধাওয়া করা হয়। পরে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানো হয়।
স্থানীয়রা গুরুতর আহত শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।




