ছোট ভাইকে হাতুড়িপেটা করে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন

দণ্ডিত বড় ভাই অশোক কুমার দাস— সংগৃহীত
জয়পুরহাটে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মামলায় অশোক কুমার দাস নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রবিবার বিকালে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক তসরুজ্জামান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অ্যাডিশনাল পিপি) আহসান হাবীব (চপল)।
দণ্ডপ্রাপ্ত অশোক কুমার দাস জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফনিন্দ্রনাথ দাসের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, লোহার কর্মকার সিদ্ধেশ্বর দাসের সঙ্গে তার বড় ভাই অশোক কুমার দাসের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। ২০০৯ সালের ১৬ নভেম্বর দুপুরে কামারশালায় কাজ শেষে দোকানের সামনে একটি বেঞ্চে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন সিদ্ধেশ্বর। এ সময় অশোক সেখানে গিয়ে দোকানে থাকা একটি ভারী হাতুড়ি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করেন। স্থানীয় লোকজন তাকে প্রতিহত করার চেষ্টা করলে অশোক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিদ্ধেশ্বরকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০১০ সালের ২৯ মার্চ তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী কামনা রানী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ এবং উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত রবিবার এ রায় ঘোষণা করেন।







