ভোটাধিকারের দাবিতে রংপুরে আইনজীবীদের বিক্ষোভ

রংপুর আইনজীবী সমিতির অ্যাসোসিয়েট সদস্যপদ সংক্রান্ত বিধানের মাধ্যমে আইনজীবীদের ভোটাধিকার হরণের অভিযোগ তুলে বৈষম্যমূলক আইন বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন একদল আইনজীবী।
আজ রবিবার দুপুরে রংপুর আদালত চত্বরে ভোটাধিকারবঞ্চিত ও বৈষম্যের শিকার আইনজীবীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
প্রথমে তারা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন। পরে অ্যাডভোকেট রফিকুল ইসলাম লালের সভাপতিত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন অ্যাডভোকেট একরামুল হক, অ্যাডভোকেট হানিফ মিয়া, অ্যাডভোকেট বায়েজিদ ওসমানী, অ্যাডভোকেট মোকসেদুল হক ও অ্যাডভোকেট এম এন লাভলুসহ অন্যরা।
বক্তারা বলেন, আইনজীবীদের সার্বজনীন ভোটাধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সব ধরনের বৈষম্যমূলক আইন বাতিল করতে হবে।
তারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান। আগামী তিন দিনের মধ্যে দাবি মানা না হলে লাগাতার আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন বক্তারা।



