মেঘনায় দেলোয়ার হত্যা: যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ২

বাঁ থেকে নাছির উদ্দীন ও সালে মুসা
কুমিল্লার মেঘনায় জামায়াত নেতার ভাই দেলোয়ার মৃধা হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর কলেজ রোড এলাকার একটি বাড়ি থেকে।
গ্রেপ্তার প্রধান আসামি উপজেলার চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. নাছির উদ্দীন (৪৫)। তিনি তুলাতুলি গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার আরেক আসামি সালেহ মুসাও (৩০) একই গ্রামের বাসিন্দা।
আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেলোয়ার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ওবায়দুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের। এ নিয়ে মামলার এজাহারভুক্ত চার আসামি গ্রেপ্তার হলেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৯ মে রাত ১২টার দিকে তুলাতুলি গ্রামে গ্রামীণ সড়ক নির্মাণকে কেন্দ্র করে চালিভাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল বাতেন মৃধা ও যুবলীগ নেতা নাছিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দেলোয়ার মৃধাকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়। তিনি জামায়াত নেতা আব্দুল বাতেনের ছোট ভাই।
আব্দুল বাতেন পরদিন ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও সাত থেকে আটজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মেঘনা থানায় মামলা করেন।




