নিকলী
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ নবদম্পতিসহ অর্ধশতাধিক, মৃত্যু ১

ছবি: আগামীর সময়
কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে ৬০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। অসুস্থদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল শুক্রবার উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়কান্দা গ্রামের আরজু মিয়ার (৫০) মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রায় ৩০০ অতিথির খাবারের আয়োজন করা হয়। প্রথমে কনেপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়। পরে বিকালে বরপক্ষের অতিথিদের খাবার খাওয়ানো হয়।
খাবার খাওয়ার পরপরই অতিথিদের অনেকে পেটব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন। পরে অসুস্থ ব্যক্তিরা নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
অসুস্থদের মধ্যে কিরণ, আকাশ, রুবেল ও তুষারসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে বড়কান্দা গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে কিরণ (৫০) নামের এক পল্লিচিকিৎসক জহুরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিয়ের কনে তাসমিতা বেগম (১৯) জানান, শুক্রবার তার বিয়ের অনুষ্ঠানে কনেপক্ষ ও বরপক্ষের অতিথিরা খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্বামী শেখ স্বাধীন ও তিনি নিজেও হাসপাতালে চিকিৎসাধীন।
বরের মামাতো ভাই ও সিংপুর গ্রামের বাসিন্দা সেলিম মিয়া বলেন, বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে তিনি পেটব্যথা ও বমিতে আক্রান্ত হয়েছেন। তার পরিবারের চারজনও অসুস্থ হয়ে পড়েছেন। তার অভিযোগ, অনুষ্ঠানে গরুর মাংস ভালোভাবে রান্না করা হয়নি। ওই খাবার খেয়েই তারা অসুস্থ হয়েছেন।
সিংপুর গ্রামের রুবেল মিয়া (৩৫) বলেন, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ব্যক্তিদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতভর একে একে তাদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের ভাগলপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া কয়েকজন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পরমা দাস জানান, বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে এ পর্যন্ত ২২ জন নারী ও ১৮ জন পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, অসুস্থ ব্যক্তিদের নিয়মিত চিকিৎসাসহ প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। চিকিৎসার সরঞ্জাম ও ওষুধের কোনো সংকট নেই। তবে হাসপাতালে শয্যাসংকট থাকায় রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।




