ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

শ্লীলতাহানির অভিযোগে ওই মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দেন স্থানীয় লোকজন।
নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তিনি ওই মাদ্রাসার সহকারী শিক্ষক।
শনিবার বিকালে উপজেলার ছয়ানী ইউনিয়নের মারকাযে আহমদ ছয়ানী মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানালেন, শিশুটি ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শনিবার সকালে সে মাদ্রাসায় যায়। ছুটির পর বাড়ি ফিরে মায়ের কাছে শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে। পরে তার মা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে ধরে মারধর করেন।
স্থানীয়দের অভিযোগ, সাইফুল ইসলাম এর আগেও একাধিকবার এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বললেন, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওই শিক্ষককে মারধর করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



