রায়পুরা
মাদকাসক্ত ছেলেকে গোয়ালঘরে বেঁধে কুপিয়ে হত্যা, অভিযোগ বাবার বিরুদ্ধে

ছবি: আগামীর সময়
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. তারেক (৩৬)। তার বাবার নাম মো. অলিউল্লাহ।
স্থানীয়রা জানান, তারেক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গতকাল মাদকের টাকার জন্য তিনি পরিবারের ওপর চাপ সৃষ্টি করেন এবং টাকা না পেয়ে বসতবাড়িতে ভাঙচুর চালান। ছেলের এমন ধারাবাহিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েন অলিউল্লাহ। আজ ভোরে তারেককে বাড়ির পাশের গোয়ালঘরে বেঁধে রাখেন তিনি। পরে সেখানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করা হয়।
রায়পুরা থানার ওসি মো মুজিবুর রহমান জানিয়েছেন, মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বাবা পলাতক। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।




