বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

সাবেক এমপি ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: পিএমও
সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার সকালে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
প্রধানমন্ত্রী মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান এবং কিছুসময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
এর আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন মরহুমের কফিনে পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সালাহউদ্দিন আহমেদের কফিনে পুস্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল ও প্রধান হুইপসহ অন্য হুইপরা মরহুমের কফিনে পুস্পস্তবক অপর্ণ করেন।
এরপর একে একে পানিসস্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ মন্ত্রিসভার সদস্য, হুইপ, বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা মরহুমের প্রতি শ্রদ্ধা জানান ও নামাজে জানাজায় অংশ নেন।
জানাজার পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ গতকাল রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।
রাজধানী ঢাকার সাবেক এ সংসদ সদস্য ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন।
বিকাল ৩ টায় জানাজা শেষে জুরাইনে বাবার কবরের পাশে সালাহউদ্দিন আহমেদকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
সূত্র: বাসস



