৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

মো. আসাদুজ্জামান
৩৫ বছর বয়সের পর আর আইনজীবী হওয়া যাবে না— এমন সিদ্ধান্ত নিচ্ছে সরকার। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানালেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সরকারের সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রী বলেন, ‘যারা আইনজীবী হবেন, ৩৫ বছর পরে গিয়ে আইনজীবী হওয়ার পথ বন্ধ। অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে, আমরা প্রফেশনটা জাস্ট এমন একটা জায়গায় আনতে চাচ্ছি।’
বাংলাদেশে এলএলবি পাস করার পর আইনজীবী হিসেবে কাজ করতে হলে বার কাউন্সিলের একটি সনদ নিতে হয়। এখন সনদ নেওয়ার এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বয়সের কোনো বাধা নেই। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে আইন নিয়ে পড়াশোনা করলেও ৩৫ বছর বয়সের পর কেউ ওই পরীক্ষাটি দিতে পারবেন না।
এদিন অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে পরিচালিত ‘এওজি-ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রাম’-এর দ্বিতীয় ব্যাচের সমাপনী এবং তৃতীয় ব্যাচের ইন্টার্নদের বরণ উপলক্ষে ‘কনভোকেশন অ্যান্ড অরিয়েন্টশন’ শীর্ষক অনুষ্ঠান হচ্ছিল।
সেখানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও সতর্ক করেন। তার ভাষ্য, এআই আগামী দিনে আইন পেশার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে আবির্ভূত হচ্ছে। নতুন আইনজীবীদের এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দেন তিনি।




