বাংলাদেশের ভেতরে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর

সংগৃহীত ছবি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের দায়ে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সন্ধ্যায় সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ওই বিএসএফ সদস্যকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্য বিছনাকান্দি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাকে আটক করে নিজেদের হেফাজতে নেন।
স্থানীয়রা জানালেন, ঘটনার আগে বিছনাকান্দি পর্যটন এলাকায় কয়েকজন পর্যটকের সঙ্গে ওই বিএসএফ সদস্যের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পর্যটকদের মারধরের উদ্দেশ্যে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন ও পর্যটকেরা তাকে ধরে বিজিবি ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে বিছনাকান্দি বিওপির সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নেন।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানালেন, অস্ত্রসহ এক বিএসএফ সদস্য বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
তিনি আরও জানালেন, পরে দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর সন্ধ্যায় ১২৬৩/১ এস পিলার এলাকায় অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।



