৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ষাটোর্ধ্বের বিরুদ্ধে মামলা

গ্রাফিকস: আগামীর সময়
মাদারীপুরের রাজৈর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে ষাটোর্ধ্ব এক বৃদ্ধর বিরুদ্ধে। তিনি সম্পর্কে শিশুটির দাদা হন।
মামলার এজাহার সূত্র জানায়, গত ৩ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে খেলাধূলা করছিল। অভিযুক্ত শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে ফিরে তার সঙ্গে ঘটা ঘটনার কথা জানায়। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগের পাশাপাশি মাদারীপুর আদালতে শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন শিশুটির বাবা।
তবে, স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের স্ত্রী। তিনি বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বশত্রুতার জের ধরে তার স্বামীর সম্মানহানি করতে এ অভিযোগ তোলা হয়েছে।
এদিকে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী দোষী ব্যক্তির বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ প্রসঙ্গে রাজৈর থানার এসআই ফারুক জানান, ঘটনাটি সম্পর্কে মৌখিক অভিযোগ পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে যান। অভিযুক্ত বৃদ্ধকে বাড়িতে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



