বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণায় সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে জরিমানা

সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: আগামীর সময়
রক্তের নমুনা না নিয়েই ভুয়া রিপোর্ট দিয়ে বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নগরের আম্বরখানা-এয়ারপোর্ট রোড এলাকায় অবস্থিত এই স্বাস্থ্যকেন্দ্রে অভিযান চালায় সিলেটের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন সিলেটে অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া। বিদেশযাত্রীদের সঙ্গে প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ অভিযানে পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।
আরিফ মিয়া বলেছেন, বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষার জন্য সরকার নির্ধারিত ৮ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার ৫০০ টাকা নেওয়া হয়েছে এখানে। এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
তিনি বললেন, প্রতিষ্ঠানটির কোনো রেজিস্টার নেই। এমনকি কোনো পরীক্ষা না করিয়ে বা ব্লাড স্যাম্পল না নিয়েই বিদেশযাত্রীদের ভুয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।
সহকারী পরিচালক আরও জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর করা হবে না— কর্তৃপক্ষ এমন স্বীকারোক্তি দেওয়ায় স্থায়ীভাবে বন্ধ না করে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।





