সিলেট বিভাগে হামের উপসর্গে থামল আরও ৩ শিশুর প্রাণ

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুরা। ছবি: আগামীর সময়
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের সবার মৃত্যু হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
এ নিয়ে চলতি বছরের ১১ অক্টোবর পর্যন্ত বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে সিলেটে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫ জন।
আজ রবিবার সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানান।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মারা যাওয়া তিন শিশুর বয়স যথাক্রমে ৬ মাস, ১০ মাস ও ১ বছর ২ মাস। তাদের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর উপজেলায়।
১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত বিভাগে সন্দেহজনক হাম রোগে ১৮০ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। জেলাভিত্তিক হিসাবে, নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে সিলেটে ৪২২ জন, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জন। হবিগঞ্জের হিসাবে দুজন রুবেলা রোগীও রয়েছে।
এ সময়ে সিলেটে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে ৭৮ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে। ১১ অক্টোবর পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে ভর্তি ছিল ৫১৫ জন।



