হামের টিকার পর শিশুর পায়ে সংক্রমণ, তদন্তের নির্দেশ

লক্ষ্মীপুরে হামের টিকা দেওয়ার পর সংক্রমণে অসুস্থ শিশু ও তার মা। ছবি: আগামীর সময়
লক্ষ্মীপুরের রামগঞ্জে হামের টিকা দেওয়ার পর এক শিশুর ডান পায়ে দেখা দিয়েছে সংক্রমণ। টিকা প্রদানকারীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানের কাছে অভিযোগ জানিয়েছে শিশুটির পরিবার।
আজ বুধবার দেওয়া অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ইউএনও। ভুক্তভোগী শিশু হলো উপজেলার দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর গ্রামের রফিকুল ইসলামের ১১ মাসের ছেলে জায়ান ইসলাম।
পরিবার জানিয়েছে, গত ২৭ জুলাই জায়ানকে ১০ মাস বয়সের জন্য নির্ধারিত টিকা দেওয়া হয় দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর পোদ্দার বাড়ির টিকাকেন্দ্রে। টিকা প্রদানকারী শারমিন আক্তার শিশুটির ডান পায়ের হাঁটুর একটু নিচে টিকা দেন। এর পরপরই ওই অংশ থেকে পুঁজ ও রক্ত বের হতে থাকে।
জায়ানের দাদি রেহানা আক্তারের অভিযোগ, ‘পোড়া-পুঁজ ও রক্ত বের হচ্ছে— এটা শারমিনকে বলা হলেও তিনি গুরুত্ব দেয়নি। তার স্বামী রাজনীতি করেন; এসব বলে তিনি আমাদেরকে ভয় দেখিয়েছেন। জায়ানের পায়ের অবস্থাও ভালো না, আমরা বিপদে আছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শারমিন আক্তার বললেন, ‘ভুল হতেই পারে, মানুষ ভুল করে না? হাজারো ডাক্তার ভুল করে রোগী মারা যায়, কই কিছু তো হয় না। তাহলে আমার বিষয়টা নিয়ে এত মাতামাতি কেন?’
ইউএনও আতিকুর জানালেন, শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনে তাকে সরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে বলে জানালেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার মোস্তাক আহমেদ।








