আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু

গ্রাফিকস: আগামীর সময়
গত আগস্ট মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১১৮ জন কন্যাশিশু ও ১৩৪ জন নারী। অর্থাৎ মোট ভুক্তভোগীর প্রায় ৪৭ শতাংশই শিশু।
মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগস্টে ৫৪ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৩৬ জনই কন্যাশিশু। এ ছাড়া ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণের পর দুজনকে হত্যা করা হয়েছে। ১৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৪ জন। উত্ত্যক্তকরণের শিকার ৯ জন এবং সাইবার সহিংসতার শিকার হয়েছেন ৭ জন নারী ও কন্যাশিশু।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগস্টে নারী ও কন্যাশিশু হত্যার ঘটনাও ছিল উল্লেখযোগ্য। এ মাসে ৫৫ জনকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন কন্যাশিশু ও ৪৫ জন নারী। এ ছাড়া ২৬ জনের মৃত্যু হয়েছে রহস্যজনক পরিস্থিতিতে।
ঘরের ভেতরেও সহিংসতার ঘটনা ঘটেছে। যৌতুকের কারণে তিনজন নির্যাতনের শিকার হয়েছেন এবং তিনজন নিহত হয়েছেন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২৮ জন।
পাঁচজন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগস্টে ১৩ জন নারী ও শিশু আত্মহত্যা করেছেন। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একজন নারী ভুক্তভোগী হয়েছেন এবং একজন কন্যাশিশু আত্মহত্যার চেষ্টা করেছে। এ ছাড়া বাল্যবিবাহের পাঁচটি চেষ্টা প্রতিরোধ করা হয়েছে এবং দুই কন্যাশিশু অপহরণের শিকার হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বললেন, এসব তথ্য কেবল গণমাধ্যমে প্রকাশিত ঘটনার ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে। ফলে নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতার প্রকৃত চিত্র আরও ব্যাপক হওয়ার আশঙ্কা রয়েছে।







