কিশোরগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জেলা জজ কোর্ট, কিশোরগঞ্জ। সংগৃহীত ছবি
কিশোরগঞ্জে ঝর্ণা আক্তারকে হত্যার দায়ে তার স্বামী ইসমাইল সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন।
এসব তথ্য জানিয়েছেন, কিশোরগঞ্জ জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান।
দণ্ড পাওয়া ইসমাইল বাজিতপুর উপজেলার উত্তর সরারচর এলাকার বাসিন্দা।
মামলার এজাহার থেকে জানা যায়, ঘটনার প্রায় ১০ বছর আগে ঝর্ণা আক্তারের সঙ্গে ইসমাইলের বিয়ে হয়। তাদের দুই মেয়ে রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ইসমাইল দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে নির্যাতন ও মারধর করে আসছিলেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ২০১৬ সালের ১১ এপ্রিল রাতে ঝর্ণা তার দুই মেয়েকে নিয়ে গাজীপুরের ভাড়া বাসা থেকে বাবার বাড়ি বাজিতপুর উপজেলার নিলখী নয়াহাটে চলে আসেন। সেখানে তিনি মাকে স্বামীর নির্যাতনের বিষয়টি জানান।
এজাহার থেকে জানা গেছে, পরদিন ১২ এপ্রিল রাতে ইসমাইল অজ্ঞাতনামা আরও দুজনকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে যান। ঝর্ণা বাড়ির পূর্ব পাশে মাটির চুলায় রান্না করছিলেন। এ সময় ইসমাইল কোমর থেকে ধারালো ছুরি বের করে ঝর্ণার বুকে আঘাত করেন।গুরুতর আহত ঝর্ণাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা মোছা. জাহেরা বেগম বাজিতপুর থানায় মামলা করেন।




